মানবপাচারের মামলায় জামিন পেলেন নৃত্যশিল্পী ইভান

দুবাইয়ে ড্যান্সবারের আড়ালে নারী পাচারের অভিযোগে করা মামলায় কারাগারে থাকা নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে জামিন দিয়েছে উচ্চ আদালত।

তার করা জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে রবিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের অবকাশকালীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ ইভানকে জামিনের আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘তাকে (ইভান) জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন জামিন দেওয়া হবে না- এ মর্মে রুল জারিসহ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন বলে আদালতের আদেশে বলা হয়েছে। আমরা হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছি। আজকেই আপিল ফাইল জমা দিয়েছি।’ 

রাজধানীর লালবাগ থানায় করা মানবপাচার আইনের মামলায় গত বছরের ১১ সেপ্টেম্বর নৃত্যশিল্পী ইভানকে গ্রেপ্তার করা হয়। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তখন জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ড্যান্সবারে কাজ দেওয়ার নামে নারী পাচারের অভিযোগে ইভানকে গ্রেপ্তার করা হয়েছে।

দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে গত বছরের আগস্ট মাসে নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের করা হয়। তারা হলেন- আজম খান, তার সহযোগী ডায়মন্ড, আনোয়ার হোসেন ওরফে ময়না, আজমের বাংলাদেশি প্রতিনিধি নির্মল সরকার ও মো. ইয়াছিন। এদের মধ্যে আজম খান, নির্মল সরকার ও মো. ইয়াছিন আদালতে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। সেই জবানবন্দিতে ইভান শাহরিয়ার সোহাগের নাম আসায় তাকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডি তখন জানায়।

সিআইডি আরও জানায়, এ চক্রটি দুবাইয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে নৃত্যশিল্পী নিয়ে যেত। পরে এদের মধ্য থেকে কয়েকজনকে তারা রেখে আসতেন। একপর্যায়ে তাদেরকে যৌনকর্মে বাধ্য করা হতো। গত বছরের ২১ সেপ্টেম্বর ইভানকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের আদেশে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষ হলে ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার সংশ্লিষ্ট মহানগর হাকিম আদালত।