‘কন্ট্রাক্ট: সব প্রশ্নের উত্তর মিলবে পরবর্তী সিজনে’

মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘বেগ বাস্টার্ড’ সিরিজের পলিটিক্যাল থ্রিলারধর্মী উপন্যাস ‘কন্ট্রাক্ট’ আগে থেকেই জনপ্রিয়। ওয়েব সিরিজ আকারে নির্মাণের ঘোষণার পর নতুন করে চর্চা শুরু হয়। এর পর ট্রেলার বাড়িয়ে দিয়েছিল আগ্রহ।

বৃহস্পতিবার প্রথম প্রহরে দেশের বড় দুই তারকা চঞ্চল চৌধুরী ও আরিফিন শুভ অভিনীত ‘কন্ট্রাক্ট’-এর প্রিমিয়ার হয় জি ফাইভে। এরপর থেকে সিরিজটি নিয়ে তুমুল আলোচনা সোশ্যাল মিডিয়ায়। বেশির ভাগ দর্শকই ইতিবাচক রিভিউ দিয়েছেন। ৬ পর্বের এই থ্রিলার সিরিজটি নির্মাণ করেছেন যৌথভাবে তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রাফিয়াথ রশিদ মিথিলা, আয়েশা খান, শ্যামল মাওলা, তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতো তারকা শিল্পীরা।

বিশ্বব্যাপী বিত্তবান আর ক্ষমতাশীলরা কীভাবে সমাজের দুর্বল শ্রেণিকে ব্যবহার এবং পেশাদার খুনি তৈরি করে, তা তুলে ধরা হয়েছে এই সিরিজে—জানান দুই নির্মাতা।

এদিকে সিরিজটি প্রচারিত হওয়ার পর থেকে যেমন সিরিজটির প্রশংসা করা হচ্ছে, তেমনি বেশকিছু অভিযোগও করা হয়েছে সিরিজটির বিরুদ্ধে। বেশ কিছু দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে বলেছেন, তারা উপন্যাসের সঙ্গে অনেক জায়গায় মিল পাননি। অনেকে বলেছেন, চরিত্রগুলো ঠিকমতো বিকশিত হয়নি, অনেকেই অভিযোগ করেছেন, গল্পের চরিত্রগুলো পূর্ণতা পায়নি, অনেকেই আবার বলেছেন ঠিকমতো গল্পটায় বুঝতে পারেননি। নানা জনের এ রকম নানা সমালোচনার বিষয়ে পরিচালক তানিম নূর দেশ রূপান্তরকে বলেন, ‘একটা কাজ হলে সমালোচনা হবেই। সমালোচনাকে আমি ইতিবাচকভাবে দেখি। তবে যেসব সমালোচনা করা হয়েছে তার বেশিরভাগই চরিত্রগুলোর অপূর্ণতা বা পুরো গল্প না পাওয়া নিয়ে। এটা আসলে দুই পর্বের একটা সিরিজ। পুরো গল্প তুলে ধরা হয়েছে দুটি পর্বে। আমরা মূলত প্রথম সিজনের ৬ পর্ব প্রকাশ করেছি। অন্য সিজনেও এ রকম ডিউরেশনের ৬টি পর্ব থাকবে। ফলে স্বাভাবিকভাবেই আমরা পুরো গল্পটা বলিনি। পুরো গল্প জানতে হলে দর্শকদের পরের সিজনটিও দেখতে হবে। দর্শকদের এসব সব প্রশ্নের উত্তর মিলবে পরের সিজনে।’

পরের সিজন কবে নাগাদ আসবে জানতে চাইলে তানিম নূর বলেন, ‘সবে তো প্রথম সিজন মুক্তি পেল। পরের সিজনের কাজ শিগগিরই শুরু হবে। কিছুটা সময় তো লাগবেই। সে জন্য দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সবকিছু ঠিক হলেই প্রযোজনা প্রতিষ্ঠান পরবর্তী সিজনের ঘোষণা দেবে।’

 এদিকে লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন সোশ্যাল মিডিয়ায় বলেন, “সাহিত্য আর সিনেমা দুটো আলাদা মাধ্যম। দুটোরই রয়েছে নিজস্ব ভাষা আর ভঙ্গি। একটি গল্প-উপন্যাস যখন সিনেমায়-ওয়েবে রূপান্তরিত করা হয় তখন গল্পের অনেক কিছু যেমন প্রয়োজনে বদলে নিতে হয় তেমনি চরিত্রগুলোও কিছুটা বদলে যায়। ‘কন্ট্রাক্ট’ দেখার সময়ও এর ভক্ত পাঠক এবং দর্শক যেন এই বিষয়টি মাথায় রাখেন। ওয়েব সিরিজ হিসেবে এটাকে অ্যাডাপ্ট করতে গিয়ে অনেক পরিবর্তনই করতে হয়েছে। আর সেটা করা হয়েছে ভালো কিছু নির্মাণ করার উদ্দেশেই। ফলে উপন্যাসটি যারা পড়েছেন তারা যেমন ভিন্ন কিছু পাবেন, যারা পড়েননি, তারাও উপভোগ করবেন আশা করি।”

সিরিজে চঞ্চল চৌধুরীর চরিত্রের নাম ব্ল্যাক রঞ্জু। শ্যামল মাওলা অভিনয় করেছেন বেগ হিসেবে। আর মিথিলা একজন রাজনীতিক, নাম রুমানা। মাফিয়া লেডি মিনার ভূমিকায় আছেন জাকিয়া বারী মম। আর সিক্সপ্যাক অবতার নিয়ে আরিফিন শুভ অভিনয় করেছেন বাস্টার্ডের ভূমিকায়। সিরিজটি বাংলাদেশের দর্শকেরা বিনামূল্যে দেখার সুযোগ পাচ্ছেন।