পঞ্চম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান

প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ

যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্ন

১. মৌমাছি ফুলের মধু খেতে এলে ফুলের কী পরিবর্তন ঘটে? ‘বেঁচে থাকার জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল’-এর সপক্ষে চারটি বাক্য লেখো।

উত্তর : মৌমাছি ফুলের মধু খেতে এলে ফুলের মধ্যে পরাগায়ণ ঘটে। ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়।

প্রাণী বেঁচে থাকার জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল -এর সপক্ষে চারটি বাক্য নিম্নরূপ :

i. উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে।

ii. উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে ব্যবহার করে।

iii. উদ্ভিদ অনেক প্রাণীর আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়।

iv. মানুষ গৃহ নির্মাণের জন্য উদ্ভিদ থেকে প্রাপ্ত কাঠ ব্যবহার করে।

২. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে? উদ্ভিদ কীভাবে প্রাণীকে সাহায্য করে তার একটি উদাহরণ লেখো। পরিবেশের ভারসাম্য রক্ষায় তোমার এলাকায় উদ্ভিদ সংরক্ষণের চারটি উপায় লেখো।

উত্তর : উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলো, পানি ও বায়ু ব্যবহার করে নিজের খাদ্য নিজেই উৎপন্ন করে। প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল। উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। এভাবে উদ্ভিদ প্রাণীকে সাহায্য করে।

উদ্ভিদ সংরক্ষণের চারটি উপায় নিম্নরূপ :

i. অধিক হারে বৃক্ষরোপণ করব।     

ii. নির্বিচারে গাছকাটা বন্ধ করতে উদ্যোগ নেব।

iii. সামাজিক বনায়ন তৈরি ও সংরক্ষণ করব।

iv. পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা বৃদ্ধি করব।

৩. উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য কেন মাটি, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ? ৬টি বাক্যে লেখ।

উত্তর : উদ্ভিদ ও প্রাণি বেঁচে থাকার জন্য কেন মাটি, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ তা ৬টি বাক্যে উল্লেখ করা হলো          

i. মাটিতেই গড়ে ওঠে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল।

ii. পানি ছাড়া উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে না।

iii. বায়ুর অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড প্রাণী ও উদ্ভিদের জন্য অপরিহার্য।

iv. উদ্ভিদ মাটিকে আঁকড়ে ধরে বেঁচে থাকে।

v. আমাদের শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখতে পানি প্রয়োজন হয়।

vi. উদ্ভিদ মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে।

৪. তুমি কিছু গাছ রোপণ করলে তার বৃদ্ধির জন্য তোমাকে মাটি, পানি ও পর্যাপ্ত আলো নিশ্চিত করতে হবে। গাছটি অন্ধকারে রাখলে কী ঘটবে? গাছটিতে পানি না দিলে কী ঘটবে? বালুতে রোপণ করলে কী ঘটবে তা তিনটি বাক্যে লেখো।   

উত্তর : গাছটি অন্ধকারে রাখলে সূর্যের আলো গাছের পাতায় পৌঁছাবে না, তাই সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটবে। এর ফলে গাছ তার প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করতে পারবে না। গাছটিতে পর্যাপ্ত পানি না দিলে এর পুষ্টি প্রবাহ বন্ধ হয়ে যাবে। এতে গাছের বিভিন্ন অংশ মরে যেতে শুরু করবে।

বালুতে গাছ রোপণ করলে নিম্নলিখিত ঘটনাগুলো ঘটবে

i. বালু পানি ধরে রাখতে পারে না, তাই গাছ প্রয়োজনীয় পানি পাবে না।

ii. বালুতে পুষ্টিগুণ ও খনিজ লবণের পরিমাণ কম থাকে, তাই গাছটির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে।

iii. গাছের শেকড় বালু আঁকড়ে দাঁড়াতে পারবে না এবং শেকড় বেশি দূর বাড়তে পারবে না।