চুয়াডাঙ্গায় আদালতের দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের প্রত্যাহার দাবি

আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদ ও আদালতের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চুয়াডাঙ্গার আইনজীবীরা। গতকাল রবিবার সকালে জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিচারপ্রার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছে আদালতের নাজির মাসুদুজ্জামান ও বেঞ্চ সহকারী জহুরুল। সেই দুর্নীতিগ্রস্ত কর্মচারীরা আইনজীবীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করতেও দ্বিধাবোধ করে না।’ অবিলম্বে এই হামলার  বিচার, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান ও অফিস স্টাফ মাসুদুজ্জামান এবং জহুরুলকে প্রত্যাহারের দাবি জানান তারা। এসব অভিযোগ অস্বীকার করে মাসুদুজ্জামান ও জহুরুল বলেন, আইনজীবীরা প্রকৃত ঘটনা আড়াল করে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। উল্লেখ্য, গত ১৮ মার্চ চুয়াডাঙ্গা আদালতে আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সেদিনই জরুরি সভার ডাক দিয়ে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা।