লক্ষ্মীপুরে দুই কিশোরী ধর্ষণের শিকার

লক্ষ্মীপুরে পৃথক স্থানে দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে লক্ষ্মীপুর সদর ও কমলনগর উপজেলায় ঘটনা দুটি ঘটে। এ দুটি ঘটনায় গতকাল রবিবার পৃথক মামলায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া কুমিল্লা ইপিজেড এলাকায় পঞ্চম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক তরুণকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

লক্ষ্মীপুর সদর উপজেলার ঘটনায় ভুক্তভোগীর স্বজনদের দাবি, আটিয়াতলী গ্রামে বাড়ি ফাঁকা পেয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে প্রতিবেশী আবুল কালাম আজাদের ছেলে মেহেদী হাসান হৃদয়। এ সময় ওই কিশোরীর চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে আশপাশের লোকজন। এ ঘটনায় হৃদয়ের বিরুদ্ধে মামলার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কুমিল্লায় ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী : কুমিল্লা ইপিজেড এলাকায় পঞ্চম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নগরীর ডুলিপাড়ার ওই ঘটনায় গতকাল শান্ত (১৯) নামে প্রতিবেশী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই কিশোরী ও অভিযুক্ত তরুণ একই এলাকার একটি বাড়ির পাশাপাশি ভাড়াটিয়া।