নাগরিক সেবা নিশ্চিত করলে জনগণ কর পরিশোধে আরও বেশি আগ্রহী হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব সিটি করপোরেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘জনগণকে যদি সেবা নিশ্চিত করা হয়, তাহলে জনগণও কর পরিশোধ করবে। সিটি করপোরেশনগুলোকে নিজস্ব অর্থায়নে স্বাবলম্বী হওয়ার জন্য নানামুখী কার্যক্রমের পাশাপাশি কর আদায়ে আরও বেশি ভূমিকা নিতে হবে। জনগণের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হতে হবে সকল জনপ্রতিনিধির।’
তিনি আরও বলেন, ‘জনগণ যদি বুঝতে পারে তারা এক হাজার টাকা কর পরিশোধ করলে সরকার তাদের ১০ হাজার টাকার সুযোগ-সুবিধা দেবে। তখন জনগণ নিজ ইচ্ছায় কর পরিশোধ করবে। কোনো জোর করার প্রয়োজন হবে না। জনগণকে আপনারা যে সেবা দিচ্ছেন বা দেবেন তা নিশ্চিতকরণের মাধ্যমে আশ্বস্ত করতে হবে। তবেই জনগণ সেবার বিনিময়ে কর পরিশোধ করবে।’