রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামে লুকিয়ে ইয়াবা পাচারের সময় সৌদি আরবগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুটি বয়ামে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক রাকিব হোসেনের (৩১) বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) মো. আলমগীর হোসেন জানান, গালফ এয়ারের (জিএফ ২৫১) একটি ফ্লাইটে ঢাকা থেকে ভোর ৫টা ৪০ মিনিটে বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল রাকিবের। বহির্গমন টার্মিনালে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করেন আর্মড পুলিশের সদস্যরা।
এ সময় তেঁতুলের আচারের বড় দুটি বয়ামে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। এর বাজারমূল্য ৫০ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, সোমবার বেলা ১১টার দিকে আটক রাকিব হোসেনসহ এর সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।