করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব না মানা ও মাস্ক না পরার অপরাধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ঝিনাইদহে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুর, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী।
এ সময় মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব না মেনে কেনাবেচা করার অপরাধে ৩০ জনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয় এবং তাদের মাস্ক দেওয়া হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন, সম্প্রতি স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করার কারণে করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এ জন্য সর্ব-সাধারণকে সচেতন করার জন্য জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। অভিযানে জরিমানার পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেওয়া হচ্ছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।