রাজশাহীতে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে লুৎফর রহমান (২৭) নামে এক চিকিৎসক মারা গেছেন।
সোমবার ভোর সাড়ে চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসক ও পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
ডা. লুৎফর রহমান রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ভবানিপুর এলাকার বাসিন্দা।
তিনি রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে হেপাটোলজি বিষয়ে এমডি করছিলেন।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের দেওয়া তথ্যমতে, ভোর ৪টার দিকে ডা. লুৎফর রহমানকে অচেতন অবস্থায় রামেক হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগ থেকে দ্রুত তাকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে লুৎফর রহমান মারা যান। পরে মরদেহ হাসপাতাল মর্গে নেওয়া হয়।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলেই আমরা জানতে পেরেছি। ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসমত আলী জানান, ডা. লুৎফর রহমানের বাড়ি দুর্গাপুরে। তবে, তিনি রাজশাহী মেডিকেল কলেজের একটি মেসে ছিলেন। সেখানেই তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছেন বলে আমরা জানতে পেরেছি।
রাজশাহীর মহানগর পুলিশের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ডা. লুৎফর রহমান গত রাতে ইন্টার্ন কোয়ার্টারে ছিলেন। আমরা জানতে পেরেছি, মাল্টিপল ড্রাগ অর্থাৎ কয়েক ধরনের ওষুধ এক সঙ্গে করে খেয়েছেন। এতেই অসুস্থ হয়ে পড়েন।
তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান। ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে আরও নিশ্চিত করে এবং বিস্তারিতভাবে বলা যাবে।