ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার বিকেলে মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চৌদ্দগ্রাম স্টেশন অফিসার ইয়াসিন প্রাধানিয়া।
জানা গেছে, বিকেলে ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের ফটিক মিয়ার ছেলে ইলিয়াছ ও তার বন্ধু জাহাঙ্গীর মোটরসাইকেল যোগে চৌদ্দগ্রাম বাজার যাচ্ছিল। মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় পৌঁছালে পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি চাপা দিলে তারা দুজন গুরুতর আহত হন।
ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ইলিয়াছ ও জাহাঙ্গীর মারা যায়।
চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আবুল হাসেম জানান, আহত অবস্থায় ইলিয়াছ ও জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কুমিল্লা প্রেরণ করা হয়।