মোদির উপহারের ১০৯ অ্যাম্বুলেন্সের ১টি বেনাপোলে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে উপহার দেওয়া ১০৯টি অ্যাম্বুলেন্সের একটি বেনাপোলে এসে পৌঁছেছে। গতকাল সোমবার দুপুরে বেনাপোল স্থলবন্দরে উপহারের প্রথম অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগে ও পরে পর্যায়ক্রমে বাকি অ্যাম্বুলেন্সগুলো এসে পৌঁছবে। ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করবেন মোদি।

উত্তরা মোটরসের কর্মকর্তা জাকারিয়া ইমতিয়াজ জানান, অ্যাম্বুলেন্সটি বেনাপোল বন্দরের শেডে রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় নেওয়া হবে। বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. আজিজুর রহমান জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে আনা অ্যাম্বুলেন্সগুলো বেনাপোলে এসে পৌঁছলে সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করা হবে।