যুক্তরাজ্য থেকে আসা ১৪০ জন কোয়ারেন্টাইনে

যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন আরও ১৪০ জন যাত্রী। তাদের মধ্যে ১১৬ জনকে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ বিমানের বিজি-২০২ নম্বর ফ্লাইটে এসব যাত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের জানান, যুক্তরাজ্য থেকে আসা ওই ফ্লাইটের যাত্রীদের সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে নগরীর নির্ধারিত হোটেলগুলোতে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৪ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন।        

এদিকে সিলেট নগরীর আম্বরখানার ব্রিটানিয়া হোটেল থেকে গত রবিবার ৯ প্রবাসী কোয়ারেন্টাইন ভেঙে বাড়ি চলে যাওয়ার ঘটনায় ওই হোটেলের সঙ্গে চুক্তি বাতিল করেছে প্রশাসন। এছাড়া কোয়ারেন্টাইন ভঙ্গকারী ওই প্রবাসীদের মধ্যে ৩ শিশু ছাড়া অন্য ৬ জনকে ৩ হাজার টাকা করে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোয়ারেন্টাইন ভেঙে হোটেল ছেড়ে চলে যাওয়া প্রবাসীরা রবিবার রাতেই আবার হোটেলে ফিরে আসেন।