নাসিরের স্ত্রীর বিদেশযাত্রা ঠেকাতে নোটিস

ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি যাতে বিদেশ যেতে না পারেন সে বিষয়ে ব্যবস্থা নিতে সৌদি এয়ারলাইনসকে নোটিস পাঠানো হয়েছে। গতকাল সোমবার তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের পক্ষে এ নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘তামিমা তাম্মির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বিয়ে, ব্যভিচার ও মানহানির অভিযোগ সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরির সুবাদে যাতে তিনি দেশত্যাগ করতে না পারেন সেজন্য ওই এয়ারলাইনস কর্র্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নোটিসের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া তিনি এখনো তার পাসপোর্ট ও সৌদি এয়ারলাইনসের বিভিন্ন নথিতে আগের স্বামীর (রাকিব) নাম ব্যবহার করছেন। এর দায় তো রাকিব নিতে পারেন না। তাই এটিরও সুরাহা হওয়া প্রয়োজন।’   

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় ক্রিকেটার নাসিরের সঙ্গে কেবিন ক্রু তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন তামিমার প্রথম স্বামী রাকিব। যদিও পরে তামিমা ও নাসির সংবাদ সম্মেলন করে দাবি করেন রাকিবের সঙ্গে বিচ্ছেদের পরই দুজন বিয়েতে আবদ্ধ হয়েছেন।