সিরিজ বাঁচানোর ম্যাচে লড়াইয়ের সংগ্রহ

প্রথম ম্যাচে বাজেভাবে হারার পর দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে ২৭১ রানের স্কোর গড়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খেলেও তামিম ইকবাল দলকে টেনে নিয়ে যান। পরে মোহাম্মদ মিঠুন (৭৩*) স্কোর কিছুটা বড় করেন।

তামিম ফিফটি পেরিয়ে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। কিন্তু ৭৮ করার পর রানআউটের শিকার হন।

ফিফটির মাধ্যমে টাইগার ওপেনার নাম লেখান অসাধারণ এক মাইলফলকে। ওয়ানডেতে পান ৫০তম ফিফটির দেখা।

শুরুতে ম্যাট হেনরির বলে রানের খাতা খোলার আগেই আউট হন লিটন দাস। তিনে নামা সৌম্য সরকার শুরুতে ধুঁকলেও তামিমের সঙ্গে জুটি জমিয়েছিলেন।

দ্বিতীয় উইকেটে ৮১ রানের জুটিই পথ দেখায় বাংলাদেশকে। ৩২ রান করে সৌম্য উইকেট বিলিয়ে আসেন। বাঁহাতি স্পিনার মিশেল স্যান্টনারের বলে ডাউন দ্য উইকেটে এসে স্টাম্পড হলে ভাঙে জুটি।

তামিম যখন বোলারদের ওপর চড়াও হবেন তখনই রান আউটের শিকার হন। এ বাঁহাতি ওপেনার ১০৮ বলে খেলেন ৭৮ রানের ইনিংস। মারেন ১১টি চার।

মুশফিকুর রহিমকে (৩৪) ফিরিয়ে দ্বিতীয় শিকারের দেখা পান স্যান্টনার। তাতে ভাঙে চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি।

পরে রিয়াদ ১৮ বলে ১৬ করে ফিরলেও মিঠুন থেকে যান। ৫৭ বলে অপরাজিত ৭৩ করার পথে ছয়টি চার এবং দুটি ছক্কা হাঁকান তিনি।

ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি এবং কাইল জেমিসন একটি করে উইকেট নিয়েছেন। মিচেল স্যান্টনারের শিকার দুজন।