সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে তিনি সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সাক্ষর শেষে সৌধ প্রাঙ্গণে একটি লটকন গাছের চারা রোপণ করেন। বেলা ১০টা ৪৫ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।
এর আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভারে জাতীয় স্মৃতি সৌধে আসেন।
অন্যদিকে বুধবার (২৪ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠানমালায় সম্মানিত অতিথি হিসেবে ডা. লোটে শেরিং উপস্থিত থাকবেন।
এ সফরে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে। ভুটানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দেশটির রয়্যাল একাডেমি অব পারফর্মিং আর্টসের (রাপা) ২২ জন শিল্পী এবং চারজন সাংবাদিক গত ১৯ মার্চ ঢাকায় এসেছেন।
এ ছাড়া দশ দিনের এ আয়োজনে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দেবেন।