‘প্রেমের সম্পর্কের জেরে’ যুবককে কুপিয়ে হত্যা, আহত ৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুরে প্রেমের সম্পর্কের জের ধরে মো. পারভেজ হোসেন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. পারভেজ হোসেন ওই ইউনিয়নের আক্তাররামপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

আহতরা হলেন- রুদ্রপুর গ্রামের নজির আহমদের ছেলে রিয়াদ হোসেন (২৭), হেঞ্জু মিয়ার ছেলে আজাদ হোসেন (৩২)। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

আহতরা জানান, বেগমগঞ্জের রুদ্রপুর গ্রামের নজির আহমদের ছেলে মো. সুজনের (১৮) সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল।

এই সম্পর্কের সূত্র ধরে সোমবার রাতে মোবাইল ফোনে সুজনকে বাড়িতে থেকে ডেকে নেন মেয়েটি। কল পেয়ে রাতে বাড়িতে এলে সুজনকে আটক করে শাহ আলম ও তার পরিবারের লোকজন। খবর পেয়ে রাতে সুজনের বড় ভাই রিয়াদ হোসেন ঘটনাস্থলে আসলে মেয়ের পরিবারের লোকজন তাদের কাছে টাকা দাবি করে অন্যথায় তাদের মেয়েকে বিয়ে করতে হবে বলে প্রস্তাব দেন।

ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে সুজনের বন্ধু পারভেজসহ আত্মীয়-স্বজনরা পুনরায় সুজনকে উদ্ধার করতে গেলে ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে প্রেমিকার বাবা শাহ আলম ও তার পরিবারের লোকজন সুজনের বন্ধু ও আত্মীয়দের উপর হামলা করেন।

এ সময় এলোপাতাড়ি কুপিয়ে পারভেজসহ অন্তত ৫জনকে আহত করেন। পরে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।