মির্জাপুরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে যুবক খুন

টাঙ্গাইলের মির্জাপুরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে আলিমুল মোল্লা (২০) নামে এক যুবককে খুন করা হয়েছে। তিনি বাইমহাটী গ্রামের সেলু মোল্লার ছেলে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বাইমহাটী গ্রামের যমুনা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে যমুনা ক্লিনিকের সামনে বাইমহাটী গ্রামের আমানউল্লাহর ছেলে সাব্বির আলিমুলকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুপুর ১টার দিকে মির্জাপুরের দেওহাটা পৌঁছার পর তার মৃত্যু হয়। 

মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. মোশারফ হোসেন আলিমুল মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।