গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুর রহমান মন্ডলকে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন এ মামলার এজাহারভুক্ত ১০ নম্বর আসামি শাওন মন্ডল (২২) ও ১১ নম্বর আসামি মাসুদ মোল্লা (২৮)। মাসুদ মোল্লা দৌলতদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু মোল্লার ছেলে। শাওন মন্ডল দৌলতদিয়ার মজিদ শেখের পাড়ার আইয়ুব মন্ডলের ছেলে এবং গোয়ালন্দ পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডলের ভাতিজা।
সোমবার রাতে রাজবাড়ীর মাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে এ মামলার ৬ নম্বর আসামি গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক লিয়াকত হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তার সংখ্যা দাঁড়াল তিনজনে।
গত ১৯ মার্চ রাতে গোয়ালন্দ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় চেয়ারম্যান আব্দুর রহমানের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যানের চাচাতো ভাই আরিফ মন্ডল বাদী হয়ে ২০ মার্চ গোয়ালন্দ ঘাট থানায় ১৬ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জলকে। মামলার অপর আসামির অধিকাংশই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মী।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তার আসামিদের মঙ্গলবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।