হুমায়ূন আহমেদের অনন্য সৃষ্টি হিমুকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। ‘হিমুর বসন্ত’ নামের এই সিনেমায় হিমু হয়ে হাজির হবেন চিত্রনায়ক কায়েস আরজু। ছবিটি নির্মাণ করছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। কাহিনি-সংলাপও নির্মাতা নিজেই লিখেছেন। নির্মিত হচ্ছে শাপলা মিডিয়ার ব্যানারে।
২৩ মার্চ, মঙ্গলবার থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে। এতে আরও অভিনয় করছেন রোমানা নীড়, খলিলুর রহমান কাদেরী, আনোয়ার সিরাজীসহ অনেকে।
কায়েস আরজু দেশ রূপান্তরকে বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের প্রথম ছবি, যার নামভূমিকায় অভিনয় করছি। ১৪ বছর ধরে এই সুযোগটির অপেক্ষায় ছিলাম। তার চেয়ে বড় কথা, হিমু চরিত্রটি নিয়ে পর্দায় হাজির হচ্ছি। হিমুর গেটআপ যেন দর্শকদের পছন্দ হয় সেটি নিয়ে অনেক গবেষণা করেছি। নিজের গেটআপ বদলেছি। আশা করছি হলুদ পাঞ্জাবিতে বড় পর্দায় আমাকে খারাপ লাগবে না।’
২০০৭ সালে হাছিবুল ইসলাম ইসলাম মিজানের ‘তুমি আছো হৃদয়ে’ ছবি দিয়ে অভিষেক হয় চট্টগ্রামের ছেলে কায়েসের। প্রথম ছবিতেই সবার নজর কাড়েন। বিশেষ করে এই ছবির ‘হও যদি তুমি নীল আকাশ’ গানের সুবাদে কায়েস রাতারাতি পরিচিতি পান। ঢালিউডের সর্বোচ্চ ধৈর্যশীল নায়ক হিসেবে খ্যাতি রয়েছে কায়েস আরজুর। ২০০৭ সালে সফল অভিষেক হয়েও গেলো ১৪ বছরে যার ছবির সংখ্যা মাত্র ৯টি।
সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পায় কায়েসের ষষ্ঠ ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’। পরীমনির বিপরীতে আলোচিত ছবিটি নির্মাণ করেন শামীমুল ইসলাম শামীম।
কায়েস জানান, ‘হিমুর বসন্ত’ শুরুর আগে প্রায় ৭০ ভাগ শুটিং শেষ করেছেন ‘এক পসলা বৃষ্টি’র। ডা. জাফর আল মামুনের পরিচালনায় এতে কায়েসের বিপরীতে আছেন আঁচল। দুটি ছবিই চলতি বছর মুক্তির কথা রয়েছে।