বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

শিরোপায় চোখ সবুজ-তুহিন-মাসুদদের

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ঘরের মাঠে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আসরে চ্যাম্পিয়নশিপে চোখ রাখছে বাংলাদেশ।

৫ জাতির বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু হবে ২৮ মার্চ। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও যেখানে অংশ নেবে পোল্যান্ড, কেনিয়া, নেপাল ও শ্রীলঙ্কা। বুধবার ঢাকা পৌঁছাবে পোল্যান্ড ও কেনিয়া। বৃহস্পতিবার আসবে নেপাল ও শ্রীলঙ্কা।

ঘরের ট্রফি ঘরেই রেখে দেওয়ার প্রত্যয় শুনিয়েছেন জাতীয় কাবাডি দলের তিন অভিজ্ঞ খেলোয়াড় মাসুদ করিম, সবুজ মিয়া ও তুহিন তরফদার।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি আসর সামনে রেখে দুই বেলা অনুশীলন চলছে ভারতীয় কোচ সাজুরাম গয়াতের অধীনে। তার সহকারী হিসেবে আছেন ভারতীয় রমেশ বিন্দিগিরি এবং স্থানীয় কোচ সুবিমল চন্দ্র দাস, মো. বাদশা মিয়া, আবদুল জলিল ও বজলুর রহমান।

দুই দফা ট্রায়ালে ৮২ জন থেকে কমিয়ে ৩৯ জনের প্রাথমিক দল নিয়ে চলছে অনুশীলন। সবশেষ ২০১৯ নেপাল এসএ গেমসে ভালো করতে পারিনি বাংলাদেশ। দলে চারজন সিনিয়র খেলোয়াড় তখন ছিলেন না। তবে বঙ্গবন্ধু কাপে পূর্ণ শক্তির দল নিয়েই অনুশীলন চলছে।

নেপাল এসএ গেমসে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। বঙ্গবন্ধু কাপে চার বিদেশি দলের একটি শ্রীলঙ্কা। এবার এই দলটিকে হারানোর ব্যাপারে দারুণ আশাবাদী সবুজ মিয়া, ‘আমাদের অনুশীলন ভালো হচ্ছে। দল এবার বেশ গোছানো।’

প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী। সেই দিন উল্লেখ করে বলছেন, ‘প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে কোচ আমাদের ধারণা দিচ্ছেন। আশা করছি টুর্নামেন্টে আমরা ভালো করতে পারব। আমাদের দলের সেই সামর্থ্য রয়েছে।’

সবুজের সুরে সুর মিলিয়ে জাতীয় দলের আরেক তারকা তুহিন তরফদার বললেন, ‘ঘরের ট্রফি আমরা ঘরেই রেখে দিতে চাই। চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে বঙ্গবন্ধু কাবাডি আসরকে আলোকিত করতে চাই। জানি প্রতিপক্ষ শক্তিশালী। তবে আমাদের দলও এবার কম শক্তিশালী নয়। দেশি-বিদেশি কোচের অধীনে বেশ ভালো অনুশীলন হচ্ছে। এসএ গেমসের ব্যর্থতা পাঁচ জাতি ট্রফি জিতে পুষিয়ে দিতে চাই।’

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট সামনে রেখে জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়, অধিনায়ক মাসুদ করিম বলেন, ‘প্রতিপক্ষ দলগুলো বিপক্ষে খেলার সুযোগ সেভাবে না হলেও দলগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। নেপাল এবং শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী। এই দলগুলোর বিপক্ষে আমরা এসএ গেমসে খেলেছি। পোল্যান্ড, কেনিয়া অনেক শক্তিশালী দল। তবে যতই শক্তিশালী দল হোক, আসরটি ঘরের মাঠে হচ্ছে। স্বাগতিক সুবিধা কাজে লাগাতে পারলে আমাদের ট্রফি কারো নেওয়ার সামর্থ্য নেই।’