নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। এমন সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপে পুড়ছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। বলছেন, ‘এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল।’
মঙ্গলবার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত দিবারাত্রির ম্যাচটি ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ খোয়া গেছে সফরকারীদের।
যদিও ডনেডিনে প্রথম ম্যাচটা বাজেভাবে হারলেও এদিন ব্যাটসম্যানরা স্কোর বোর্ডে ভালো সংগ্রহ দাঁড় করান। ৬ উইকেটে ২৭১ রানের পুঁজি গড়ে টাইগাররা।
বোলাররাও শুরুটা করেছিলেন দারুণ। ৫৩ রানে ৩ উইকেট তুলে নেয় কিউইদের। কিন্তু এরপর ক্যাচ মিসের মহড়ায় হার মানতে হয় তামিমদের।
নিউজিল্যান্ডের মাটিতে দলটিকে প্রথমবার হারানোর এমন সুযোগ হাতছাড়া হওয়ায় কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না তামিম, ‘এর চেয়ে ভালো সুযোগ কোনো সময় আমরা পাইনি। অবশ্যই আমাদের জেতা উচিত ছিল।’
‘এমন সুযোগ সব সময় আসে না, বিশেষ করে দেশের বাইরে। আজ আমরা যেভাবে ব্যাটিং করেছি, ২৭১ অবশ্যই ভালো স্কোর। পরে ৫০ রানে (৫৩ রানে) ওদের ৩ উইকেট পড়ে যায়। তারপর খেলাটা প্রায় নিয়ন্ত্রণে ছিল। কিন্তু দুইটা সুযোগ যেটা মিস করলাম, সুযোগগুলো যদি নিতে পারতাম…।’- আক্ষেপ তামিমের।
এর সঙ্গে তামিমের সংযোজন, ‘এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। অন্য কোনো ভাবনা নাই, অবশ্যই জেতা উচিত ছিল। সত্যি হতাশ যে আমরা এ রকম সুযোগ কাজে লাগাতে পারিনি।’
আগের ম্যাচের চেয়ে ভালো খেলেছে দল। এ থেকেও সান্ত্বনা নিতে পারছেন না তামিম, ‘আমরা এখানে উন্নতি করতে আসিনি। ম্যাচ জিততে এসেছি। আজ আমাদের জন্য সেই সুযোগটা ছিল, যা আমরা কাজে লাগাতে পারিনি। আদর্শ একটা সুযোগ হাতছাড়া করেছি।’
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শুক্রবার। এরপর রয়েছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।