১৯৮২ সালের ২৪ মার্চ ‘কালো দিবস’ হিসেবে পালন করে বিএনপি। ইতিহাসের এই দিনে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মোহাম্মাদ এরশাদ ক্ষমতা দখল করেন।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বুধবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব। সভাপতিত্ব করবেন ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।
কালো দিবস উপলক্ষে গণমাধ্যমে দেওয়ার বাণীতে বিএনপি মহাসচিব বলেন, ‘এদিন তৎকালীন সেনাপ্রধান হুসেইন মোহাম্মাদ এরশাদ জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি ও সরকারকে বন্দুকের নলের মুখে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করেন। একই সঙ্গে জিয়াউর রহমানের পুনরুজ্জীবিত করা বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল।
তিনি বলেন, সেই স্বৈরশাসকের সঙ্গে অভিন্ন বৈশিষ্ট্যের বর্তমান অগণতান্ত্রিক শাসকগোষ্ঠীর আঁতাত পুনরায় বহুমাত্রিক গণতন্ত্রের পথচলাকে আটকে দিয়ে দেশের মানুষকে খাঁচায় বন্দী করেছে। মানুষের বাক, ব্যক্তি, মত প্রকাশের স্বাধীনতাসহ সকল নাগরিক স্বাধীনতা সম্পূর্ণভাবে অপহৃত হয়েছে। আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষকে নির্বাক করে রাখতে রাষ্ট্রযন্ত্রকে নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে।
মির্জা ফখরুল এই কালো দিনে দল, মত, শ্রেণি, পেশা নির্বিশেষে সকল পর্যায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে বর্তমানের দুঃসহ দুঃশাসন থেকে মুক্তি পেতে সংগ্রামী অভিযাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান।