বাসের প্রতিটি সিটের ভেতরেই গাঁজার প্যাকেট, গ্রেপ্তার ৪

রাজধানীর শ্যামলী এলাকা থেকে একটি বাসে তল্লাশি করে ৬৯ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- এমদাদুল হক, জামাল উদ্দিন, আব্দুল আলী ওরফে মানিক ও পারভেজ হোসেন।

মঙ্গলবার শ্যামলীর তাজ ম্যানশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বাসটি জব্দ করা হয়েছে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, সীমান্তবর্তী এলাকা থেকে একটি বাস যোগে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা নিয়ে টাঙ্গাইল জেলার আশে পাশে সুবিধাজনক স্থানে হস্তান্তরের জন্য আসছে বলে তথ্য পাওয়া যায়। পরে বাসটি জব্দ করতে তাজ ম্যানশনের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়।

সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-ফেনী রোডের একটি বাস উক্তস্থানে উপস্থিত হলে থামার সংকেত দিলে গ্রেপ্তারকৃতরা পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, খালি বাস নিয়ে টাঙ্গাইল জেলা থেকে শ্রমিক আনতে যাচ্ছে। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের গাড়িতে গাঁজা রাখা আছে বলে স্বীকার করে।

এরপর তাদের দেয়া তথ্য মতে বাসের প্রতিটি সিট লাইটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পলিথিন দিয়ে মোড়ানো ৬৯ কেজি গাঁজা পাওয়া যায়। দীর্ঘদিন ধরে শ্রমিক আনা-নেয়ার অন্তরালে দেশের বিভিন্ন এলাকার মাদক কারবারি ও সেবনকারীদের কাছে গাঁজা বিক্রয় ও সরবরাহ করে আসছিল তারা।