নীলফামারীর ডোমারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান বর্জনের হুমকি দিয়েছেন মুক্তিযোদ্ধারা। ডোমার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদকে স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান উল্লেখ করে তার হাত দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন না করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তানের হাত দিয়ে মহান জাতীয় পতাকা উত্তোলন করা হলে আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন মুক্তিযোদ্ধারা। গতকাল মঙ্গলবার দুপুরে ২৩ জন মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, তোফায়েল আহমেদ স্বাধীনতাবিরোধী রাজাকার পরিবারের সন্তান। তবে অভিযোগ অস্বীকার করে তোফায়েল আহমেদ বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্র করা হচ্ছে।’ এ বিষয়ে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের একটি স্মারকলিপি পেয়েছি। এটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
২০১৯ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলনের জন্য তোফায়েল আহমেদের নাম ঘোষণা করায় সে অনুষ্ঠান বর্জন করেছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।