শ্রীলঙ্কার ১৬৯ রান মাত্রই পেরিয়েছে উইন্ডিজ, এমন সময় সুরঙ্গ লাকমল ১০ বলের মধ্যে দুই উইকেট তুলে ইনিংসে তার ৫ উইকেট পুরো করেন। ৭ উইকেট হারানো উইন্ডিজ মাত্র ৩ রানে এগিয়ে। এমন অবস্থায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ব্যাট করতে নামেন লোকাল বয় রাহকিম কর্নওয়াল। জশুয়া দা সিলভার সঙ্গে জুটি বেঁধে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯৯ রানের লিড এনে দেন তিনি। গতকাল নিজের সেই ৬০ রানকে আর বেশিদূর নিতে পারেননি। মাত্র ১ রান বাড়িয়েছেন এই বিগম্যান। আউট হয়েছেন ৬১তে। উইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৭১ রানে। স্বাগতিকরা ১০২ রানের লিড নিয়েছে। দ্বিতীয় ইনিংসে এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৬৭ রান।
সোমবার দিনের শুরুতেই আগের দিনের রানেই বিদায় নেন স্থায়ী নেতৃত্ব পাওয়া ক্রেইগ ব্র্যাথওয়েট (৩)। এরপর জন ক্যাম্পবেল (৪২), নক্রুমাহ বনার (৩১) ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক কাইল মায়ার্স (৪৫) ক্রিজে থিতু হয়েও আউট হয়ে যান। মায়ার্স যখন লাকমালের তৃতীয় শিকার হন, তখন উইন্ডিজের স্কোর ৫ উইকেটে ১৩৩। লাকমল এরপর ১৯ রান করা হোল্ডার ও শূন্য হাতে জোসেফকে ফেরান ১০ বলের মধ্যে। এরপর খেলতে নেমেই মারতে শুরু করেন কর্নওয়াল। আগের ৫ টেস্টে মোটে ৩৯ রান করা কর্নওয়াল ৭৯ বল খেলে দিন শেষে অপরাজিত থাকেন ৬০ রানে। তার সঙ্গে অষ্টম উইকেটে ৯০ রান যোগ করেন জশুয়া (৪৬)। কর্নওয়াল বলেন, ‘আমি জানি আমার ভালো ব্যাটিং দক্ষতা আছে। প্রথমে চেষ্টা করেছিলাম জশুয়াকে সঙ্গ দেওয়ার। দলকে ভালো স্কোরে পৌঁছে দেওয়া আমার লক্ষ্য ছিল। এরপর নিজের মতো খেলেছি। আমি ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। নেটে ব্যাটিং নিয়ে খেটেছি। ব্যাটিং কোচ এবং আমি নিজেকে বলেছিলাম তোমার রান পাওয়া উচিত। তবে ব্যাটে আমি যতটা ভালো সেই তুলনায় রান পাইনি।’ ইন্টারনেট।