চট্টগ্রামে রূপায়ণ সিটি কাস্টমার রিলেশনশিপ সেন্টারের উদ্বোধন

রূপায়ণ গ্রুপ আবাসন খাতে দেশকে সমৃদ্ধ করবে : রেজাউল

বন্দর নগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্রের আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারে ‘রূপায়ণ সিটি কাস্টমার রিলেশনশিপ সেন্টার’-এর উদ্বোধন করা হযেছে। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী সেন্টারটির উদ্বোধন করেন।  এখন থেকে গ্রাহকরা আরও অধিকতর সেবা এবং তথ্য পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটির পক্ষ থেকে চট্টগ্রামবাসীর প্রতি স্বাগত জানিয়ে বলেন, ‘ঢাকার প্রাণকেন্দ্র উত্তরায় চট্টগ্রামবাসীর একটি সেকেন্ড হোমের গর্বিত মালিক হওয়ার জন্য সকলেরই একবার রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমি দেখেছি রূপায়ণের যেই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছেবাংলাদেশে এটাই সর্বপ্রথম ও সর্ববৃহৎ প্রকল্প। আমি যতটুকু দেখলাম এবং শুনলাম; আমার মনে হয়েছে, বাংলাদেশের যারা উদ্যোক্তা; তারা যদি সুষ্ঠু চিন্তাধারার উদ্যোগী হয়, অসম্ভবকে সম্ভব করতে চায়; রূপায়ণ গ্রুপের এ প্রকল্প সেটাই প্রমাণ করে। রূপায়ণ সিটি উত্তরার প্রকল্পটি অনেক সুন্দর। আমি নিজেও এ ব্যাপারে খুব উৎসাহ বোধ করছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক, চসিক মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, রূপায়ণ সিটির হেড অব সেলস রেজাউল হক লিমন প্রমুখ।