একাধিক ফ্লপের পরও সবচেয়ে বেশি পারিশ্রমিক শাহরুখের

একের পর এক ফ্লপ সিনেমার জের ধরে দুই বছরের বেশি সময় পর্দার বাইরে শাহরুখ খান। তাকে প্রেক্ষাগৃহে দেখার জন্য আরও বছর খানেক অপেক্ষা করতে হবে। সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ দিয়ে ফিরবেন ভক্তদের সামনে।

শাহরুখ মানেই বড় বাজেটের ছবি— তা আর বলার অপেক্ষার রাখে না। তবে ধারণা করা হয়েছিল, একাধিক ফ্লপের কারণে তার পারিশ্রমিক কমবে। এখন শোনা যাচ্ছে, অ্যাকশন সিনেমাটির মাধ্যমে শীর্ষ পারিশ্রমিকের তারকার আসনে আবারও বসছেন কিং খান।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সাম্প্রতিক সময়ে পর পর হিট উপহার দেওয়া অক্ষয় কুমার ও সালমান খানকে ছাড়িয়ে ১০০ কোটি রুপির বেশি পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ।

গত বছরের নভেম্বরে ‘পাঠান’-এর শুটিং শুরু হয়। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। মুম্বাই ছাড়াও দৃশ্যায়ন হবে বিদেশের বিভিন্ন লোকেশনে। ইতিমধ্যে দুবাইয়ে সম্পন্ন হয়েছে এক লটের দৃশ্যায়ন।

এ ছবিতে সালমান খানকে দেখা যাবে তার ‘টাইগার’ সিরিজের নাম ভূমিকায়।

গত দুই বছর নতুন ছবি মুক্তি না পেলেও প্রযোজনায় বরাবরই এগিয়ে ছিলেন শাহরুখ। ১ মার্চ নিজের ইনস্টাগ্রামে নতুন ছবি ‘ডার্লিংস’-এর ঘোষণা করেন। শাহরুখ ও গৌরী খানের ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’ তৈরি করছে এই ছবি। এতে অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন আলিয়া ভাট।