কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হাটাশ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই বাঙ্গরা বাজার থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা হয়েছে।
অভিযুক্ত আবু তাহের ওরফে লাডুম শাহ (৬৫) উপজেলার হাটাশ গ্রামের মৃত জাব্বার আলীর ছেলে।
শিশুটির মা বলেন, মঙ্গলবার বিকেলে তার মেয়ে বাড়ির পাশের হাকিম মিয়ার দোকান থেকে খাবার কিনে নিয়ে আসার সময় অভিযুক্ত লাডুম শাহ তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে দোকানের পাশের ঝোপে ধর্ষণের চেষ্টা করে।’
এ সময় শিশুটি উচ্চ স্বরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসার ভয়ে লাডুম শাহ পালিয়ে যায়।
পরে শিশুটি বাড়িতে এসে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটির মা অভিযুক্ত লাডুম শাহকে আটক করতে তার বাড়িতে গেলে তিনি পালিয়ে যান।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘হাটাশ গ্রামে একটি শিশুকে শ্লীলতাহানির খবর পেয়ে আমরা তার মাকে ডেকে এনে থানায় একটি মামলা নিয়েছি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’