ফেইসবুকে ভিডিও বার্তা দিয়ে আদালতের ছাদ থেকে লাফিয়ে যুবকের মৃত্যু

ভাইয়ের সঙ্গে অভিমান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিও বার্তার পর লক্ষ্মীপুর জজ কোর্ট ভবনের ৫ম তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন রাকিব হোসেন রোমান নামের এক যুবক।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। এসময় আদালত প্রাঙ্গণের শতশত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

নিহত রাকিব লক্ষ্মীপুর পৌর শহরের মজুপুর এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে ও তার বড় ভাইয়ের দোকানের সহযোগী হিসেবে ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রামগঞ্জ উপজেলার আলোচিত শিশু নুশরাত হত্যা ও ধর্ষণের ঘটনায় বুধবার রায়ের দিন ছিল। সকাল থেকে আদালত পাড়ায় নুশরাতের পরিবারের লোকজন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ কয়েক শ লোকের উপস্থিতি ছিল। আদালত এলাকার লোকজন সবাই যখন নিজ নিজ কর্মে ব্যস্ত তখন একটি শব্দ শুনতে পান তারা। তারা দেখতে পান একজন যুবক মাটিতে পড়ে আছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।

তার বড় ভাই সোহেল গণমাধ্যমকর্মীদের জানান, সকালে রাকিবকে পারিবারিক বিষয় নিয়ে বকাঝকা করা হয়। পরে সে দোকান থেকে অভিমান করে বের হয়ে আসে। এরপর তার মৃত্যু সংবাদ শুনতে পাই।

এ ঘটনার আধা ঘণ্টা আগে নিজের ফেইসবুক আইডিতে (রাকিব হোসেন রোমান) ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন রাকিব।

ভিডিওতে তার এ মৃত্যুর জন্য কেউ দায়ী নন উল্লেখ করে অনেক ভুল করেছেন জানিয়ে মা-বাবার কাছে ক্ষমা চান।

তার একাউন্টে ৭৫ হাজার টাকা আর এটিএম কার্ডের পিন কোড নাম্বার বলে দিয়ে সুমাইয়া নামের একটি মেয়েকে বিয়ে আর তার জীবন নষ্ট করার কথাও জানান ভিডিও বার্তায়।

এ ব্যাপারে পুলিশের কোর্ট পরিদর্শক কিশোর কুমার জানান, ৫ম তলা থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার রহস্য উদঘাটন ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।