লিটল ম্যাগাজিন কর্মীদের সংগঠন ‘জাতীয় লিটল ম্যাগাজিন সমন্বয় পরিষদ’র আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার বইমেলায় লিটল ম্যাগাজিন ‘লোক’ সম্পাদক কবি অনিকেত শামীমকে আহ্বায়ক ও ‘করাতকল’র নির্বাহী সম্পাদক কবি সাফি সমুদ্রকে সদস্য-সচিব করে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন ‘দ্রষ্টব্য’ সম্পাদক ও গল্পকার কামরুল হুদা পথিক ও ‘একবিংশ’ নির্বাহী সম্পাদক কবি খলিল মজিদ।
সংগঠকরা জানান, দেশের লিটল ম্যাগ কর্মীরা একই প্ল্যাটফর্মে আসার উদ্দেশ্যে ও নানা সংকটে ও প্রয়োজনে নিজেদের একত্রে থাকার প্রযোজনীয়তা অনুভব করে এ কমিটি গঠন করা হয়।
তারা জানান, এবারের বইমেলায় লিটল ম্যাগ চত্বরের ডিজাইন ও স্থান পরিবর্তনের জন্য একত্রিত হয়ে আন্দোলনে নামে লিটল ম্যাগাজিন কর্মীরা। বাংলা একাডেমি কর্তৃপক্ষ আন্দোলনকারীদের দাবি মেনে গতবারের স্থানে লিটল ম্যাগ চত্ত্বর ফিরিয়ে আনে। এই সংকটময় মুহূর্তেই নিজেদের একটি প্ল্যাটফর্মে আনার কথা চিন্তা করেন আন্দোলনকারী লিটল ম্যাগাজিন কর্মীরা। তারই ফলশ্রুতিতে সারাদেশের বিভিন্ন অঞ্চলের লিটল ম্যাগাজিন সম্পাদকদের সমন্বিত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বইমেলার লিটল ম্যাগাজিন চত্ত্বরে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৫১টি মাটির প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।