ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় শিশুবক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ কয়েকজনকে আটক করে পুলিশ। বিকেলে অবশ্য মাদানীকে ছেড়ে দেওয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ১০ দিনের অনুষ্ঠান ‘মুজিব চিরন্তন’-এ যোগ দিতে আজ ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার প্রতিবাদেই বৃহস্পতিবার দুপুরে মতিঝিল শাপলা চত্বরে যুব অধিকার পরিষদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশ বাধা দিলে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রায় ৩০ মিনিট ধরে চলা এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম ৩৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হকের লোকজন মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। আগে অনুমতি না নেওয়ায় পুলিশ তাদের বাধা দেয়। এতে বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন। তাদের ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।