১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরপরাধ বাঙালিদের নির্বিচারে হত্যা করে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইতিহাসে এটি গণহত্যা দিবস হিসেবে চিহ্নিত। তাই দিনটিকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান ওবায়দুল কাদের। জাতীয় সংসদ এলাকার বাসভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘২৫ মার্চ সবচেয়ে জঘন্যতম গণহত্যা হিসেবে চিহ্নিত। নারী, পুরুষকে নির্বিচার হত্যা করেছে কিন্তু এখনো এ হত্যাকে গণহত্যা হিসেবে ইতিহাসে স্বীকৃতি পায়নি। ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে এবার স্বীকৃতি দিতে হবে। স্বাধীনতার এত বছর পরও পাকিস্তান তাদের ভুল স্বীকার করেনি। এই দিনে পাকিস্তানের হানাদার বাহিনী বাঙালিদের হত্যা করে রক্তের স্রোত বইয়ে দিয়েছিল, সেই ইতিহাস দেশের মানুষ ভুলে যায়নি।’