বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বিমান ও হেলিকপ্টারের উড্ডয়নশৈলী প্রদর্শন আজ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার বিমানবাহিনী এক মনোজ্ঞ উড্ডয়নশৈলী প্রদর্শন করবে। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিকনির্দেশনায় বিমানবাহিনীর বিভিন্ন ধরনের বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের আকাশে ১০১ (একশত এক) ও ৫০ (পঞ্চাশ) তৈরির উড্ডয়নশৈলী প্রদর্শন করা হবে। গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়, মনোজ্ঞ উড্ডয়নশৈলীর মাধ্যমে বাংলার আকাশে অতি মমতায় এঁকে দেবে ‘১০১’ ও ‘৫০’। বিমানবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টারের সমন্বয়ে এ মনোমুগ্ধকর প্রদর্শনীতে বিমানবাহিনীর দক্ষ বৈমানিকরা দেশের নীলাকাশে ফরমেশন ফ্লাইংয়ের মাধ্যমে উৎসব ও উচ্ছ্বাসের রঙে যোগ করবে এক নতুন মাত্রা। এ লক্ষ্যে বিমানবাহিনীর বিমান ও হেলিকপ্টারগুলো দিনের বিভিন্ন সময়ে টুঙ্গিপাড়া, ঢাকা, সাভার, ফরিদপুর, মাগুরা, যশোর, কুষ্টিয়া, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার এবং বরিশালের ওপর দিয়ে উড়ে যাবে।

সেনা ও নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান : স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীর ২২ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন ও ৩৭ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন দেওয়া হয়েছে। এছাড়া নৌবাহিনীর ১৩ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন দেওয়া হয়েছে, যা আজ থেকে কার্যকর হবে বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।