ঢাবিতে মোদিবিরোধী মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৩০

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রগতিশীল ছাত্র জোটের কর্মসূচিতে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ হামলার ঘটনা ঘটে বলে জোটের নেতাকর্মীরা জানিয়েছেন। হামলায় প্রথম আলোর ঢাবি প্রতিবেদক আসিফ হাওলাদারসহ কমপক্ষে ৩০ আন্দোলনকারী আহত হয়েছেন।

এর আগে গত মঙ্গলবারও টিএসসিতে ছাত্র জোটের কর্মসূচিতে হামলা চালিয়েছিল ছাত্রলীগ নেতাকর্মীরা।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে ঢাবির টিএসসি এলাকা থেকে মশাল মিছিল বের করে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা। মিছিলটি টিএসসি থেকে রোকেয়া হলের দিকে এগোতে থাকে। কিন্তু সেখানে যানজটের কারণে জগন্নাথ হল এলাকা, পলাশী, নীলক্ষেত, ভিসি চত্বর ঘুরে রোকেয়া হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে জোটের নেতাকর্মীরা। কর্মসূচি শেষ করে তারা চলে যাওয়ার উদ্যোগ নিলে ভিসি চত্বর এলাকায় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে জোটের অন্তত ৩০ নেতাকর্মী আহত হন। এ সময় সেখানে উপস্থিত প্রথম আলোর ঢাবি প্রতিবেদক আসিফ হাওলাদারকে মারধর করে ছাত্রলীগ নেতাকর্মীরা। হামলার সময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে ভিসি চত্বরসংলগ্ন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে অবস্থান করতে দেখা গেছে।

আহত সাংবাদিক আসিফ হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথার ক্ষতস্থানে চারটি সেলাই দেওয়া হয়েছে। আহত অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘ছাত্রলীগ কারও ওপর হামলা করেনি। রাতে কিছু লোক ফুলার রোড দিয়ে বাঁশ, লাঠি নিয়ে আসছিল। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে আবার তারা ফুলার রোড দিয়ে চলে যায়।’