দক্ষিণখানে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার ৮ জন রিমান্ডে

রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ী আবদুর রশিদকে গুলি করে হত্যা মামলায় জাপানি হান্নানসহ ৮ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামিদের মধ্যে জাপানি হান্নানকে চার দিন এবং বাকিদের দুদিন করে রিমান্ড দেওয়া হয়। তারা হলেন, মো. একরামুল ইসলাম, শফিকুল ইসলাম ইমরান, আল-আমিন প্রধান, জহুরুল ইসলাম রিপন, খোরশেদ আলম, মো. মোশাররফ হোসেন ও মো. নুরুন নবী।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান জানান, আসামিদের হাজির করে উপপরিদর্শক আজহারুল ইসলাম ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখানের আইনুসবাগ (চাঁদনগর) এলাকায় বালু ফেলাকে কেন্দ্র করে আবদুর রশিদকে গুলি করে হত্যা করা হয়।