চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাতে নগরীর আকবরশাহ থানার উত্তর কাট্টলীর ছোট কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের আটক করতে গিয়ে মোট তিন পুলিশ সদস্য আহত হন। তারা হলেন- আকবরশাহ থানার উপ-পরিদর্শক (এসআই) সুবল কুমার দাশ ও ইসমাইল হোসেন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিখিল চন্দ্র দাশ।
গুলিবিদ্ধ ছিনতাইকারীরা হলেন- ইমাম হোসেন (৩৫) এবং আরাফাত হোসেন সুমন (৩৫)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারীশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইমাম ও আরাফাতকে আটক করতে অভিযানে যায় পুলিশ। ইমাম পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। তার নামে ১৪টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, ইমামের নেতৃত্বে ছিনতাইকারীরা সিএনজি অটোরিকশায় করে বের হয়ে জানতে পেরে তাদের আটক করার জন্য অভিযানে নামে পুলিশ। এরপর সিএনজি অটোরিকশাটি শনাক্ত করে ধাওয়া দিলে তারা বিভিন্ন স্থানে ঘুরে উত্তর কাট্টলীর দিকে চলে যায়।
এ সময় তাদের অটোরিকশার ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য আহত হন বলে তিনি জানান।
এদিকে উত্তর কাট্টলী দাশপাড়ায় সুভাষ দাশের গ্যারেজের কাছে ছিনতাইকারীদের দেখে এসআই সুবল দুজনকে ধরে ফেলে বলে জানান উপ-কমিশনার আবদুল ওয়ারীশ।
তিনি বলেন, তখন ছিনতাইকারীরা এসআই সুবলের গলায় ছুরি চালানোর চেষ্টা করলে অন্য পুলিশ সদস্যরা তা দেখে ছিনতাইকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।