মারপিটের দৃশ্যে ঝুঁকি নিলেন ব্র্যাড পিট

স্ট্যান্টম্যান কাকে বলে— এটা ব্র্যাড পিটের ভালোই জানা আছে। কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিনেমায় ষাটের দশকের স্ট্যান্টম্যানের চরিত্রে অভিনয় করে জিতে নেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার। আর সত্যি সত্যি মারপিটের দৃশ্যে ঝুঁকি নিলেন ৫৭ বছরের এ অভিনেতা।

স্ল্যাশফিল্মের দেওয়া খবর অনুসারে, ডেভিড লিচের ‘বুলেট ট্রেন’ থ্রিলারে ৯৫ ভাগ স্ট্যান্টে নিজেই পারফর্ম করেছেন পিট।

ছবির সেকেন্ড ইউনিট ডিরেক্টর ও স্ট্যান্ট কো–অর্ডিনেটর গ্রেগ রেমেন্টার এ খবর নিশ্চিত করেছেন।

‘বুলেট ট্রেন’-এ লেডিবাগ নামের হিটম্যানের চরিত্রে আছেন ব্র্যাড পিট। গ্রেগ জানান, ছবির ৯৫ ভাগ শারীরিক স্ট্যান্ট ও মারপিট অভিনেতা নিজেই করেছেন। জন্মগত অ্যাথলেটের মতোই দৃশ্যগুলো সাবলীলভাবে সম্পন্ন করেছেন।

তবে এটা খুব একটা অবাক হওয়ার বিষয় নয়। এর আগে লিচের অ্যাকশন সিনেমায় অভিনয়ের সময় শার্লিজ থেরন, ডাউনি জনসন ও জেসন স্ট্যাথামের মতো তারকাদের একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে।

লিচ এবং তার সাবেক স্ট্যান্টম্যান ও ‘জন উইক’ পরিচালক চাড স্টাহেলস্কি তাদের অভিনেতাদের মারপিটের ভালোই তালিম দেন। লিচের মতে, এমন অভিনেতাদেরই বাছাই করা দরকার যারা নিজের স্ট্যান্ট করতে চান। নইলে পর্দায় চরিত্রটি নিখুঁতভাবে ধরা পড়বে না।

‘বুলেট ট্রেন’ ছবিতে স্যান্ড্রা বুলক, জোই কিং, অ্যান্ড্রু কোজি, অ্যারন টেলর-জনসন, ব্রায়ান থ্রি হেনরি, মাসি ওকা, মাইকেল শ্যানন, লেডি গাগা-সহ অনেক তারকা অভিনয় করছেন। তাদের বেশির ভাগকেই অ্যাকশনের ঝড় তুলতে দেখা যাবে পর্দায়। এ জন্য শুটিং শুরুর আগেই নিতে হয়েছে প্রশিক্ষণ।

এটা ঠিক যে, খুব বেশি বিপজ্জনক দৃশ্য হলে ডেভিড লিচ ঝুঁকি নিতে রাজি নন। সে ক্ষেত্রে টম ক্রুজের মতো অ্যাকশন অ্যান্টিক ব্র্যাড পিটের কাছে দেখতে চাওয়া আসলেই বোকামি!

কোটারো ইসাকার জাপানি গ্র্যাফিক নভেল ‘বুলেট ট্রেন’ অবলম্বনে তৈরি হচ্ছে এ ছবি। একই ট্রেনে বিভিন্ন অপরাধী সংগঠনের হিটম্যানের সংঘাত নিয়ে এর গল্প।

মুক্তির তারিখ ঘোষিত না হলেও ইতিমধ্যে ‘বুলেট ট্রেন’-এর শুটিং শেষ হয়ে গেছে।