বর্ণচোরা মুক্তিযোদ্ধারাও সাম্প্রদায়িক শত্রুদের চেয়ে কম শত্রু নয়: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি এবং বর্ণচোরা মুক্তিযোদ্ধাদের প্রতিহত করে তাদের চূড়ান্তভাবে পরাজিত করাই আজকের দিনের শপথ।

তিনি বলেন, ‘বর্ণচোরা মুক্তিযোদ্ধারাও সাম্প্রদায়িক শত্রুদের চেয়ে কম শত্রু নয়। এরা বরং আরও বেশি ক্ষতি করছে। এদের সবাই চিহ্নিত করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে এদের প্রতিহত ও প্রতিরোধ করবো- এটা আজকের শপথ।’

শুক্রবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার যে ঘোষণা, তা আসলে অন্য কারও দেওয়ার অধিকার ছিল না। এই ঘোষণা দেওয়ার ম্যান্ডেট শুধু বঙ্গবন্ধুই পেয়েছিলেন। অন্য কারও বৈধ অধিকার ছিল না ঘোষণা দেওয়ার। কাজেই ঘোষণা দেওয়ার পাঠক অনেকেই থাকতে পারে, কিন্তু ঘোষক একজনই।’

পরে সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি ও আ ফ ম বাহা উদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।