সবার আগে দুর্নীতি নির্মূল করতে হবে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান  মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এই উন্নয়ন ধরে রাখতে হলে নিশ্চিত করতে হবে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা। আর এগুলো নিশ্চিত করার জন্য সবার আগে দুর্নীতি নির্মূল করতে হবে। 

শুক্রবার দুদকের প্রধান কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস দিবস উপলক্ষ্যে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক নেতৃত্ব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন। দুদক চেয়ারম্যানের সভাপতিত্বে এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক , সচিব ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার, মহাপিরচালক আ ন ম আল ফিরোজ, দুদক প্রধান কার্যালয়ের পরিচালক মো. সফিকুর রহমান ভূঁইয়া, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম মফিদুল ইসলাম, বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুজ্জামান। 

এ ভার্চুয়াল আলোচনা সভায় দুদকের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয়ের মহাপিরচালক, পরিচালক ও উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তারা অংশ নেন।  

কর্মকর্তাদের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন আমরা সমন্বিতভাবে নিজেদেরকে সকল প্রকার দুর্নীতি থেকে মুক্ত রেখে, দুর্নীতি নির্মূলে চেষ্টা করব। “নিজেরা দুর্নীতিমুক্ত থাকবো” এটাই হোক আজকের শপথ। নিজেরা দুর্নীতিমুক্ত থাকলে কমিশনের আইনি দায়িত্বপালনও অনেকাংশে সহজ হয়ে যায়। অনুসন্ধান বা তদন্তে অযথা কালক্ষেপণ করা যাবে না।