বেয়ারস্টো-স্টোকসে সমতা ইংল্যান্ডের

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ৬ উইকেটে জিতে সিরিজে সমতা এনেছে ইংল্যান্ড। ৩৩৭ রানের টার্গেটে নেমে জনি বেয়ারস্টোর ১২৪ এবং বেন স্টোকসের ৯৯ রানে ভর করে ৩৯ বল বাকি থাকতে জয় পায় ইংলিশরা। তার আগে লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরি আর বিরাট কোহলি ও ঋষভ পান্তের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৩৬ রান তুলেছিল ভারত।

ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক মরগান হাতে ব্যথা পাওয়ায় দ্বিতীয় ওয়ানডেতে দলে ছিলেন না। অধিনায়কত্ব করেন জস বাটলার। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ১১০ রান তোলে ইংলিশরা। জেসন রয় ৫৫ করে ফিরলে জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে ১৭৫ রানের জুটি গড়ে দলের জয়ের পথ সহজ করেন বেয়ারস্টো ও স্টোকস। তিনে নামা স্টোকস মাত্র ৫২ বলে ৯৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪ বাউন্ডারি ও ১০ ছক্কা। পরের ওভারেই দুই উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন প্রসিদ্ধ কৃষ্ণা। ১১২ বলে ১১ চার ও ৭ ছক্কায় ১২৪ রান করেন বেয়ারস্টো। বাটলার ফেরেন শূন্য রানে। পরে ডেভিড মালান (১৬*) ও লিয়াম লিভিংস্টোনে(২৭*) ম্যাচ জেতে ইংলিশরা। স্বাগতিকদের শুরুটা ভালো ছিল না। দলীয় ৩৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ভারত। তৃতীয় উইকেটে ১২১ রানের জুটি গড়েন কোহলি ও রাহুল। ৭৯ বলে ৬৬ রান করে কোহলি ফিরলে জুটি ভাঙে। কোহলির ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কা। চতুর্থ উইকেটে রাহুল আরেকটি শতরানের (১১৩) জুটি গড়েন ঋষভ পান্তকে নিয়ে। রাহুল পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি পূরণ করেন ১০৮ বলে। তার ১০৮ রানের ইনিংসটিতে ছিল ৭ চার ও ২ ছক্কার। পান্ত ৭ ছক্কা ও ৩ চারে ৪০ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন।