টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত পরেশ রাওয়াল

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড তারকা পরেশ রাওয়াল। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় কভিড-১৯ শনাক্তের খবর নিশ্চিত করেন তিনি।

সপ্তাহ দু-এক কয়েক আগেই অভিনেতা কভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা।

এক টুইট বার্তায় পরেশ রাওয়াল লেখেন, “দুর্ভাগ্যবশত, আমি কভিড-১৯ আক্রান্ত। যারা গত ১০ দিনে আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নিন।”

অনুপম খের, রণবীর শোরে, রাহুল ঢোলাকিয়াসহ বলিউডের বহু সহকর্মী ও বন্ধু অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

টুইটারে অনুপম খের লেখেন, “দ্রুত সেরে ওঠ বন্ধু পরেশ রাওয়াল। অনেক ভালোবাসা এবং প্রার্থনা সব সময় সঙ্গে রয়েছে।”

৯ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ‘হেরা ফেরি’ অভিনেতা। কোভ্যাক্সিন নেওয়ার ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

ভি সাইন দেখানো ছবি শেয়ার করে লেখেন, “ভি ফর ভ্যাকসিন! সকল চিকিৎসক ও নার্স, হেলথ সেন্টারের কর্মী ও বিজ্ঞানীদের জানাই ধন্যবাদ। অশেষ ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।”

সম্প্রতি একাধিক বলিউড তারকা করোনার কবলে পড়েছেন। এর মধ্যে আছেন  আমির খান, আর মাধবন, কার্তিক আরিয়ান, মনোজ বাজপেয়ী, সতীশ কৌশিকসহ অনেকে।