বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্যের খানিকটা তুলে ধরা হয়েছে সেলিম খানের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রে। কয়েক দফা সেন্সর বোর্ডের নির্দেশনায় কাটছাঁটের পর ছবিটি প্রদর্শনের অনুমতি পেয়েছে সম্প্রতি।
শুক্রবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রকাশ হলো ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’-এর ট্রেলার।
এ প্রচার ভিডিওতে ওঠে এসেছে বঙ্গবন্ধুর শৈশব থেকে ভাষা আন্দোলন সময় পর্যন্ত গল্প। এসেছে স্কুল জীবনে তার রাজনৈতিক সচেতনতা ও প্রতিবাদী ভূমিকার কথা।
‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ মুক্তির কথা ছিল ২৬ মার্চ। কিন্তু সেন্সর বোর্ড সদস্যরা আবার ছবিটি দেখতে চাওয়ায় মুক্তি স্থগিত হয়ে যায়। কয়েক দিন আগে বোর্ড সদস্যরা কিছু কাটছাঁট সাপেক্ষে ছবিটিকে ছাড়পত্র দেন। আগামী ২ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।
জীবনীভিত্তিক ছবিটির শুটিং সম্পন্ন হয় গত বছর। ডিসেম্বরেই ছিল মুক্তির পরিকল্পনা।
শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটির উপদেষ্টা পরিচালক শামীম আহমেদ রনী। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। আর বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর চরিত্রে অভিনয় করেছেন দীঘি।