রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৭ জন

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২২৬ গ্রাম হেরোইন, ১ কেজি ৫৪০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ৪৯১৮ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।