অগ্রযাত্রার উদ্‌যাপনে অংশ নিয়ে দেশকে সম্মানিত করেছেন অতিথিরা: নৌ-প্রতিমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানরা সশরীরে এসে বাংলাদেশকে সম্মানিত করেছেন বলে মনে করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, দেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য সারা পৃথিবীর সরকার প্রধান ও রাষ্ট্র প্রধানরা আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

খালিদ মাহমুদ বলেন, আঞ্চলিক রাষ্ট্রের সরকার ও রাষ্ট্র প্রধানরা নিজে সশরীরে এসে বাংলাদেশকে সম্মানিত করেছে। এই অগ্রযাত্রার উদ্‌যাপনে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব সেই জায়গায় অবস্থান করেছে বলেই আমাদের এই অর্জনগুলো সম্ভব হয়েছে।

শনিবার দিনাজপুরের সেতাবগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বোচাগঞ্জ উপজেলা পরিষদ অনুষ্ঠানটির আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের অর্থনীতির যে ভিত্তি রচনা করে দিয়েছিলেন। সেই ভিত্তির ওপরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন। একই ধারায় আমরা উন্নত দেশে পৌঁছাবো।

দেশে সান্ধ্য আইন চলছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, জিয়াউর রহমান দেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিল। আমৃত্যু তিনি সান্ধ্য আইন দিয়ে দেশ শাসন করেছিলেন। সেই অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশকে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্ব ও মর্যাদার জায়গায় নিয়ে গেছেন।

খালিদ মাহমুদ বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে কখনোই এই দেশকে পিছিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে উঠেছে, এই কারণেই তাদের গাত্রদাহ। তারা সাম্প্রদায়িকতার কথা বলে। তারা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাফরুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর প্রমুখ।