নেপালের সঙ্গে বাংলাদেশের ড্র

নেপালে চলমান ত্রিদেশীয় টুর্নামেন্টে লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। ফলে আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়া বাংলাদেশ শিরোপার লড়াইয়ে নেপালকেই প্রতিপক্ষ হিসেবে পেল।

শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

ফলে দুই ম্যাচের দুটিতেই ড্র করে ২ পয়েন্ট নিয়ে ফাইনালে নাম লেখাল নেপাল। এক ম্যাচ হাতে থাকতেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়া বাংলাদেশ দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলতে যাচ্ছে।

বাংলাদেশে এদিনের ম্যাচটি খেলেছে নির্ভার ভাবেই। প্রথম ম্যাচের শুরুর একাদশ পুরোপুরি বদলে নেপালের বিপক্ষে দল সাজান কোচ জেমি ডে। আগের ম্যাচে বদলি নামা জামাল ভূঁইয়া এদিন শুরু থেকেই ছিলেন অধিনায়কের আর্ম ব্যান্ড পরে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ হারায় বাংলাদেশ। এরপর কিরগিজ-নেপাল ম্যাচটি গোল শূন্য হয়।

সোমবার একই ভেন্যুতে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল।