দেশ রূপান্তর সাংবাদিককে পিটিয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জিডি

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের ছবি তোলার সময় দেশ রূপান্তর পত্রিকার ফটোসাংবাদিক মো. হারুন-অর-রশীদকে (রুবেল রশীদ) মারপিট ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল শনিবার দেশ রূপান্তর পত্রিকার ব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন চৌধুরী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় জিডিটি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, গত ২৬ মার্চ জুমার নামাজের পরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় ছবি তোলার সময় একদল সশস্ত্র যুবক দেশ রূপান্তর পত্রিকার নিজস্ব ফটোসাংবাদিক মো. হারুন-অর-রশীদকে (রুবেল রশীদ) পিটিয়ে অচেতন করে। হামলাকারীরা তার ক্যামেরার ব্যাগসহ একটি ক্যানন ক্যামেরা (ইওএস ফাইভ ডি মার্ক ফোর, সিরিয়াল নম্বর : ২৩৮০৫৭০০২৪৩৮), দুটি লেন্স (ইএফ ১৬-৩৫ মি.মি. এফ ২.৮ এল, সিরিয়াল নম্বর: ৬৮৩০০০০৮৪৮ এবং ইএফ ৭০-২০০ মি. মি. , এফ-২.৮, সিরিয়াল নম্বর : ৬৬৫০০০৩১১৮), একটি সিএফ কার্ড-৬৪ জিবি, একটি এসডি কার্ড-৬৪ জিবি, একটি কার্ড রিডার ও মোটরসাইকেলের (ঢাকা মোট্রো-হ-৫৭-৬০১১) কাগজপত্র নিয়ে যায়। ক্যামেরা ও সরঞ্জামের বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, আহত রুবেল রশীদকে কর্তব্যরত অন্য ফটোসাংবাদিকরা উদ্ধার করে কাকরাইলস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে আছেন। 

জিডির বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি মো. আবু বকর সিদ্দিক দেশ রূপান্তরকে বলেন, ‘ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ক্যামেরাসহ খোয়া যাওয়া সরঞ্জাম উদ্ধারের চেষ্টা চলছে।’