রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত রকিবুল ইসলাম রিয়ন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

নিহত রকিবুল ইসলাম রিয়ন ব্রাক্ষণখালী এলাকার জহিরুল ইসলাম কচির ছেলে এবং স্থানীয় সলিম উদ্দিন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ব্রাক্ষণখালী এলাকায় ঘটে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গিয়াস উদ্দিন গেসু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাক্ষণখালী এলাকার গিয়াস উদ্দিনের সঙ্গে একই এলাকার সানোয়ারের দশ শতাংশের একটি জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

গত শনিবার সন্ধ্যায় ওই জমি দখল করতে গিয়াস উদ্দিন ও তার লোকজন বালু ভরাট করতে গেলে সানোয়ার ও তার লোকজন বাধা দেয়। বাধা দেয়ার একপর্যায়ে উভয় পক্ষের মাঝে তর্কবিতর্ক হয়।

পরে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মারপিটে জড়িয়ে পড়ে।

এ খবর দুই পক্ষের লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ ধারালো ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

কয়েক দফা রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের রকিবুল ইসলাম রিয়ন, শহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, রিয়াজ হোসেন, জুৎস্না বেগম, আছিরুন নেছা, শহিদুল মিয়া, রুবেল মিয়া. মোবারক হোসেন, গিয়াস উদ্দিন, কাকুলি আক্তারসহ অন্তত ২০ জন আহত হন।

আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে অন্তত রকিবুল ইসলাম রিয়নসহ দশজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শনিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে রকিবুল ইসলাম রিয়ন চিকিৎসাধীন অবস্থার মারা যান।  

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর জসিম উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।