নিহতদের জন্য ক্ষতিপূরণ, হাটহাজারী থানার ওসি অপসারণ চায় হেফাজত

গত কয়েক দিনে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে হেফাজতে ইসলাম। রবিবার এক সংবাদ সম্মেলনে তাদের পক্ষ থেকে হাটহাজারী থানার ওসির অপসারণও দাবি করে হেফাজত। 

রবিবার হরতাল চলাকালে হাটহাজারীতে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়। নাজিরহাট মহাসড়কের মাদ্রাসা সংলগ্ন স্থানে বিকেল ৩টার দিকে এ সংবাদ সম্মেলন করা হয়। 

হেফাজতের আমির জোনায়েদ বাবুনগরী হুইল চেয়ারে বসে তার বক্তব্য রাখেন। 

তিনি রবিবার হেফাজতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করায় দেশবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। এ সময় তিনি হেফাজতের দাবিগুলো অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। 

মধুপুরের পির আবদুল হালিমকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি করেছে এমন দাবি করে তীব্র নিন্দা জানান বাবুনগরী। 

সারা দেশে পুলিশের গুলিতে ১৬ জন নিহত হয়েছেন জানিয়ে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান হেফাজত আমির। 

তিনি নিহতদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলামের অপসারণের দাবি করেন। 

ভবিষ্যতে ইসলামের ইমান, আক্বিদা রক্ষার যেকোনো আন্দোলন সংগ্রামে হেফাজতকে সহযোগিতায় জনগণের প্রতি আহ্বান জানান। 

সংবাদ সম্মেলনে তার সঙ্গে হেফাজতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।