ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী বিক্ষোভ থেকে সৃষ্ট সংঘর্ষে শনিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে নিহত জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্রের পরিবারকে সহায়তা করা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হকসহ প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহায়তা করা হয়।
নিহত ওই ছাত্র আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মো. হুসাইন। রবিবার সকাল ৯টায় মনিয়ন্দ গ্রামের শাহী তোরণ ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার আদব বিভাগের ছাত্র। জানাজা নামাজ পড়ান নিহতের ছোট ভাই হাফেজ শওকত ।
নামাজে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, স্থানীয় হেফাজত ইসলামের নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা অংশ নেন।
এদিকে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম জানান, স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক নিহত হুসাইনের পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন এবং পরবর্তীতে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
এ ছাড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল ও ইউএনও নিহতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দিয়েছেন বলে তিনি জানান।
জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক মাও. হক শনিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে মাদ্রাসাছাত্র মো. হুসাইন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।