ঘরে ঢুকে ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সাভারের আশুলিয়ায় এলিম সরকার (৩৫) নামে এক ডিশ ব্যবসায়ীকে তার ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার সকালে আশুলিয়ার কাঠগড়া সরকারবাড়ি এলাকার হাজি মো. ফজল হক সরকারের বাড়িতে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। দুপুরে লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে এলিমের স্ত্রী পাশের বাড়ির চার তলায় নির্মাণকাজ দেখতে যান। এর কোনো একসময় ওই বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এলিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্ত্রী বাসায় এসে দেখে এলিম বিছানার ওপর উপুড় হয়ে পড়ে আছে। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া উত্তরপাড়া এলাকার ফজল হক সরকারের ছেলে এলিম সরকার দীর্ঘ দিন ধরে এলাকায় ডিশ ব্যবসা করে আসছিলেন। গতকাল সকালে তিনি নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় বাড়ির সিসিটিভির হার্ডডিস্কও চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এলিমের বাবা হাজি মো. ফজল হক বলেন, আমাকে সকাল ১০টার দিকে বাড়ি থেকে ফোন দেয় যে এলিমের অবস্থা খারাপ। কিন্তু বাড়িতে এসে দেখি এলিমের গায়ে-পেটে বড় ক্ষত। বছরখানেক আগে আমার ছেলের সঙ্গে ডিশের ব্যবসা নিয়ে পাশের গ্রামের এক ব্যক্তির মারামারি হয়। আমরা কাউকে সন্দেহ করতে পারছি না।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ বলেন, লাশের গলায় ও পেটে ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালে কোনো একসময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে, বিষয়টি জানাতে পারেনি পুলিশ। এ ছাড়া ঘটনাটির অধিকতর তদন্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।